Monday, February 12, 2024

The Measures Taken || Brecht's "Lehrstücke" (শিক্ষামূলক) Play

“Die Maßnahme” (The Measures Taken) নাট্যকার: বার্টল্ট বেখট || শাহমান মৈশান কৃত বাংলা অনুবাদ "সিদ্ধান্ত"

“Die Maßnahme” (বাংলা উচ্চারনে “ডি মাস-না-মে”) নাটকটিকে "Lehrstücke" (শিক্ষামূলক) নাটক বলা হয়ে থাকে। কারণটা খুবই স্পষ্ট - এখানে কমিউনিজমের একটি বিশেষ শিক্ষা দেয়া হয়েছে যা এক্টর-রা অভিনয়ের মাধ্যমে নিজেরা শিখবেন এবং দর্শকদের শেখাবেন।   

ঘটনার প্রেক্ষাপট: চীনে কমিউনিষ্ট রাষ্ট্র প্রতিষ্ঠার আগে সোভিয়েট ইউনিয়ন (রাশিয়া) থেকে চার-সদস্যের একদল আন্দোলন-উষ্কানিদাতা পাঠানো হয়েছিলো। তারা কোন পরিস্থিতিতে তাদের সাথে পরে যোগদান করা এক নবীন কমরেডকে হত্যা করতে বাধ্য হয়, তারই বর্ননা এই নাটকে। এই নাটকের মূল শিক্ষা: সকলের সম্মিলিত সিদ্ধান্ত কারো একজনের একক সিদ্ধান্তের চেয়ে অনেক বেশী কার্যকর।

মস্কোর চারজন কমিউনিস্ট আন্দোলনকারী চীনে একটি সফল মিশন সম্পন্ন করে মস্কোতেই ফিরে এসেছেন এবং একটি কেন্দ্রীয় কমিটি (যাকে দ্য কন্ট্রোল কোরাস বলা হচ্ছে) তাদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানিয়েছে। তবে চারজন আন্দোলনকারী কেন্দ্রীয় কমিটিকে পাশাপাশি এও জানায় যে, মিশনের সময় তারা একজন তরুণ কমরেডকে হত্যা করতে বাধ্য হয়েছিল। এই দূর্ঘটনার জন্য মিশন-সদস্যরা কমিটির কাছে তাদের কর্মকান্ডের বৈধতার ব্যপারে সিদ্ধান্ত চান। একথা শুনে কেন্দ্রীয় কমিটি (দ্য কন্ট্রোল কোরাস) আদেশ দেয় যে, যতক্ষণ না চারজন আন্দোলনকারী যুবক কমরেডের মৃত্যুর ঘটনাকে পুনরায় অভিনয় করে দেখাবে, ততক্ষন পর্যন্ত কমিটির রায় স্থগিত থাকবে।

নাটকের এই অংশে আমরা দেখি চারজন আন্দোলনকারী অভিনয় করে দেখাচ্ছেন যে, কীভাবে চীনা শ্রমিকদের শিক্ষিত ও সংগঠিত করার জন্য তাঁদেরকে মিশন-সদস্য হিসাবে পাঠানো হয়েছিল। ঘটনাক্রমে, সীমান্তের একটি কমিউনিস্ট পার্টির দপ্তরে (ওই দপ্তরটি চীনের সীমান্তে পৌঁছানোর আগে শেষ পার্টি-অফিস।) তাদের সাথে এক তরুণ কমরেডের সাথে পরিচয় হয়, যিনি উৎসাহ-ভরে মিশন-সদস্যদের গাইড হিসাবে তাদের সঙ্গী হবার প্রস্তাব দেন। এখানে গুরুত্মপূর্ন বিষয় হলো যে, মিশন-সদস্যদের পরিচয় কঠোরভাবে গোপন করতে হবে কারণ চীনে শ্রমিকদের শিক্ষিত করা এবং সংগঠিত করা - দু’টাই অবৈধ। সীমান্তের ওই পার্টির দপ্তরের পরিচালক নিজেই চার মিশন-সদস্য এবং ওই তরুণ কমরেডকে তাদের আসল পরিচয় মুছে ফেলতে সাহায্য করেন। তারা সকলেই ছদ্মবেশ ধরলেন যাতে তাদের চীনা বলে মনে হয়। তাদের কমিউনিস্ট পরিচয় এবং মিশনের উদ্দ্যেশ্য দু’ই-ই কঠোর গোপনীয়তায় বজায় থাকে। মিশন-সদস্যরা নিজেরাও জানে যে, কখনো যদি তাদের পরিচয় প্রকাশ পায়, তবে কর্তৃপক্ষ সমগ্র আন্দোলন আক্রমণ করবে; তখন শুধু চার আন্দোলনকারী মিশন-সদস্যই নয়, এর সাথে সাথে ওই তরুণ কমরেডের জীবনও বিপন্ন হবে। চার আন্দোলনকারী মিশন-সদস্য এবং তরুণ কমরেড সবাই এই শর্তে একমত হয়।

কিন্তু, একবার চীনে পৌঁছাবার পর চীনা কমিউনিস্ট পার্টির অন্যায় ও নিপীড়নের দৃশ্য তরুণ কমরেডকে উত্তেজিত করে ফেলে। তিনি তার আবেগকে ধরে রাখতে পারলেন না এবং দ্রুতই তিনি তার চারপাশের যে ভুলগুলি দেখেছেন তা সংশোধনে উঠে-পড়ে লাগলেন। সমস্যা শুরু হলো তখনই। নিপীড়িত জনগন কীভাবে নিজেরা নিজেদের সাহায্য করবে তা শেখাতে তিনি বিচক্ষণতা দেখাতে পারলেন না। বরং ছোট-ছোট নিপীড়নকারীরা কিভাবে নিজেরা সংযত আচরন করে বিপ্লবের বৃহত্তর উদ্দ্যেশ্যকে হাসিল করতে পারে সেই কৌশল শেখানোর দক্ষতাও তার ছিলনা। ফলস্বরূপ, তিনি নিজেই তার নিজের ছদ্মবেশ খুলে ফেললেন এবং একই সাথে চার মিশন-সদস্যদের পরিচয়ও উন্মোচিত হয়ে গেলো। ঠিক যখন শ্রমিকদের মধ্যে দাঙ্গা এবং বিপ্লবী বিদ্রোহ শুরু হয়, তখনই এই হঠকারী তরুণ কমরেডকে চিহ্নিত করে তারঁ পরিচয় প্রকাশ করে দেওয়া হয়। চীনা কর্তৃপক্ষ তরুণ কমরেড ও তার বন্ধুদের খুঁজতে থাকে। তরুণ কমরেড তারপরও যখন পার্টির পলিসির বিরুদ্ধে চিৎকার করছিল, তখন এক মিশন-সদস্য তাকে মাথায় আঘাত করে দূরে কোন এক স্থানে নিয়ে যায়। তাকে নিয়ে এখন কি করা যায় তা নিয়ে মিশন-সদস্যরা তর্ক-বিতর্ক করতে থাকেন।

মিশন-সদস্যদের প্রথম যুক্তি, যদি তারা ঐ তরুণ কমরেডকে পালাতে সাহায্য করে তবে তারা নিজেরাই শ্রমিক-বিদ্রোহে আর সাহায্য করতে পাবেনা। এবং তখন তাদের বর্তমান অবস্থান থেকে পালানোই প্রায় অসম্ভব হয়ে যাবে। দ্বিতীয় যুক্তি, যদি ঐ তরুণ কমরেডকে ফেলে রাখা হয় এবং সে যদি ধরা পড়ে তবে সে তার অজান্তেই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করে বসতে পারে। চার মিশন-সদস্য সবশেষে যে “তাকে অবশ্যই হারিয়ে যেতে হবে, এবং সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যেতে হবে/ কারণ আমরা তাকে আমাদের সাথে নিতে পারি না বা ছেড়ে যেতে পারি না।” তারা সর্বসম্মতিক্রমে তরুণ কমরেডকে চুনের গর্তে ফেলে পুড়িয়ে ফেলতে সিদ্ধান্ত নেয়। এবং এই সিদ্ধান্তে তারা এ ব্যাপারে তরুণ কমরেডেরও সম্মতি চায়। তরুণ কমরেড বিশ্ব বিপ্লবের স্বার্থে এবং সাম্যবাদের স্বার্থে তার ভাগ্য মেনে নিতে সম্মত হন এবং শেষপর্যন্ত নিজেই নিজের মৃত্যুতে সহায়তা করেন। চার মিশন-সদস্য শেষ পর্যন্ত ঐ তরুণ কমরেড-কে গুলি করে তার লাশ চুনের গর্তে ফেলে দেয় যাতে তার দেহাবশেষও খুঁজে পাওয়া না যায়। চার মিশন-সদস্য তাদের অভিনয় শেষ করার পর কেন্দ্রীয় কমিটি তাদের আশ্বস্ত করে যে, তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। সফল মিশন শেষ করে আসা চার আন্দোলনকারীকে কেন্দ্রীয় কমিটি এই বলে আস্বস্ত করেঃ "“মার্কসবাদের শিক্ষা এবং কমিউনিজমের মাহাত্ম্য:আপনারা সঠিকভাবেই প্রচার করতে পেরেছেন।" বৃহত্তর সাফল্যের জন্য যে ত্যাগ দরকার, তাও ঐ কমিটি চিহ্নিত করে এই বলেঃ “আপনাদের প্রতিবেদনটি প্রমান করেছে, আমাদের পৃথিবীকে পরিবর্তন করতে হলে কতটা আত্মত্যাগ প্রয়োজন।”

* এখানে "সাম্যবাদের এবিসি" নামে নিকোলাই বুখারিনের জনপ্রিয় বইয়ের রেফারেন্স দেয়া হয়েছে।

Tuesday, February 6, 2024

পারফরম্যান্স, পরিবেশনা রীতি, ব্যাক্তিগত অভিজ্ঞতা

রিফাত করবী 
পারফরম্যান্স কি?

পারফরম্যান্স হচ্ছে একধরনের পরিবেশন,  প্রদর্শনও এক প্রকারের  উদ্দেশ্য হাসিল। এর জন্য প্রস্তুতি, উৎকর্ষ সাধন ,অভিনয়, নৃত্য, সংগীত, ত্রিমাত্রিক আয়তন, দুই পক্ষ ইত্যাদি বিষয়গুলো প্রয়োজন । এবং সেই সাথে অভিনেতাদের মধ্যে বৈচিত্র  ও প্রকাশ-নৈপুণ্য। এর জন্য প্রয়োজন হবে রেওয়াজ, বিষয়বস্তু, চিন্তা এবং লক্ষ্য ও উদ্দেশ্য। 

পরিবেশনা রীতি:

পরিবেশনা প্রদর্শনের জন্য গঠন, কাঠামো লাগবে। ধাপে ধাপে পরিবশনা প্রদর্শন করতে হবে।পরিবেশনার জন্য প্রকাশ ভঙ্গিমা লাগবে, ছন্দ-লয়, সংগীত, বাদ্যযন্ত্র, প্রপ্স, পোশাক, আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক, বিভিন্ন আাচার মূলক কৃত্য, অভিনয় ইত্যাদির মধ্যে দিয়ে অভিনেতাদের ট্রান্স চলে যাওয়ার বিষয়গুলো থাকতে হবে এবং অতিমানবীয় ঘটনাও থাকতে পারে। পরিবেশনার সাথে আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্ম, জাতি, গোষ্ঠী, জাত, বর্ণ এই বিষয়গুলো সম্পর্কযুক্ত।

Performance Theory তে অভিনয়ের জন্য অভিনয় পূর্বে প্রস্তুতি মূলক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনেতাদের বিষয়বস্তু, সহশিল্পী এবং দর্শকদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। অভিনেতাদের অভিনয় ছাড়াও প্রকৃতিও পারফরম্যান্স করে। যেমন, ঝড়ের সময় প্রকৃতি যেই তান্ডব দেখায় সেটাও একধরনের পরিবেশনা। পেশা, ধর্ম এসব ক্ষেত্রেও পারফরম্যান্স হয়। তবে এক্ষেত্রে বিভিন্ন এলাকার  রীতি -নীতি সম্পর্কে জেনে পরিবেশনাকে সামাজিক, সাংস্কৃতিক ও সাইকোএনালিটিকাল জায়গা থেকে ব্যাখ্যা করতে হবে। 

ব্যাক্তিগত অভিজ্ঞতা: আমার অভিজ্ঞতায় দেখেছি, গ্রাম অঞ্চলে বাড়ী-বাড়ী ঘুরে মহিলারা প্লেট, মগ, গ্লাস এসব জিনিস বিক্রি করেন। এই বিক্রয়ের প্রক্রিয়ায় যেমন রয়েছে, পরিবেশনা (পারফরম্যান্স), তেমনি রয়েছে প্রদর্শন (ডিসপ্লে) যা কিনা দর্শকদের (অডিয়েন্স) সামনে অনুষ্ঠিত হয়। লক্ষনীয় যে, বিক্রেতাদের একধরনের প্রস্তুতি মূলত ব্যাস্ততা গ্রহণ করতে হয়। এখানে বিক্রেতারা মানুষদের কিছুটা বোকা বানানোর মধ্য দিয়ে  বিক্রির কাজ করতো। যেমন দেখা যেতো ১২ টা প্লেট বা অন্য কিছু একসাথে  বিক্রি করার উদ্দেশ্য এমন ভাবে দাম বলতো যে গ্রামের সাধারণ মানুষরা বিশেষ করে মহিলারা এতে করে প্রলুব্ধ হতো। যেমন, ৬ টি প্লেটের দাম ৩৫০ আর বাকি ৬ টির দাম ৩৫০ - মোট ২৫০ টাকা। বিক্রেতারা বাচিকের মাধ্যমে তাদের পুরো প্রক্রিয়া চালিয়ে যেতো। বিক্রেতাদের কথায় প্রলুব্ধ হয়ে বাড়ীর মহিলারা জিনিস গুলো কিনতো। তখন আশেপাশের অনেককে একসাথে করে একটা আসরের মতো করা হতো।  বিক্রি করতে আসা মহিলারা মূলত যখন পুরুষরা বাড়িতে না থাকতো ওই সময়টাকে বাছাই করতো। আবার অনেকেই এই বেচা-কেনার হুলুস্থুল, ক্রেতা-বিক্রেতার কথার মারপ্যাঁচ, যা মাঝেমধ্যে পাগলামিতে পরিনত হয়, তা দেখতে আসতো। 

আহাদনুর ফকিরঃ 
পারফর্মেন্স কি?
কোনো একটা উদ্দেশ্য সঠিক ভাবে নিষ্পত্তি করার জন্য গঠনগত কৌশলই পারফর্মেন্স। মূলত প্রতিটি পারফর্মেন্সের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। আর এই উদ্দেশ্য পৌঁছানোর জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সেটাই পারফর্মেন্স। বিষয়বস্তু, চিন্তা, পরিস্থিতি, বিষয়বস্তু, ঘটন, সংঘটন, স্থান, সময়, নির্দিষ্ট উদ্দেশ্য, ক্রিয়া কর্তাদের প্রস্তুতি, ক্রিয়া কর্তাদের দক্ষতা, শারীরিক কর্মকান্ড, নির্দিষ্ট কর্মকান্ড, অভিনয়, গান, কোনো কিছু প্রকাশ করার যোগ্যতা, কৃত্য, রিচ্যুয়াল, ঢাক- ঢোল। পরিবেশনা একটা সাধনা, বিশ্বাস এবং প্রার্থনা। পরিবেশনায় রূপান্তর আছে, পরিবর্তন আছে। আদর্শ নীতি, অর্থনীতি, ধর্ম, সামাজিক, রাজনীতি, অর্থ - সামাজিক লক্ষ্য থাকতে হবে। পরিবেশনায় জাতি, অর্থনীতি, ধর্ম, সামাজিক, রাজনৈতিক এবং অর্থ - সামাজিক গুরুত্ব আছে। আমার দেখার অভিজ্ঞতায় পারফর্মেন্সঃ গাজীর গান, জারি গান, কবি গান, পালা গান, ধুয়া গান, পুঁথি পাঠ, কিচ্ছা, যাত্রাপালা, লাঠি খেলা, সাপ খেলা, বানর খেলা। এ সমস্ত পারফর্মেন্সের পূর্বে প্রতিটি কলাকুশলীর নির্দিষ্ট কিছু প্রস্তুতি থাকে। কিছু কৃত্য ও আচার থাকে এবং নির্দিষ্ট কিছু লোকের বিশ্বাস ও ধর্ম বিশ্বাস পরিলক্ষিত হয়।

অন্তরা দাসঃ 
পরিবেশনার রকমভেদ 
পরিবেশনা অনেকরকম হয়। চারদিকে প্রতি মূহুর্তে অনেক ধরনের পরিবেশনা হয়ে যাচ্ছে।কিন্তু শিল্পের ক্ষেত্রে পরিবেশনার কিছু নির্দিষ্ট গুন থাকে। আমারা যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষন করি তখন দেখতে পারব কোনো একটি সৎ উদ্দেশ্যে দীর্ঘ অনুশীলনের পর ধারাবাহিক ছকে কোন একটি বিষয়/ক্রিয়া যখন একটি নির্দিষ্ট স্থানে এক বা একাধিক দর্শকের উদ্দেশ্যে উপস্থাপন করা হয় তখন সেটি উপস্থাপনা বা পরিবেশনা বা performance হয়ে ওঠে। হতে পারে গান, অভিনয়, নাচ, চিত্রকর্ম, স্থাপত্য, যাদুখেলা, ধর্মীয় কৃত্য, খেলা আরও অনেক কিছু। পারফরম্যান্স এর সাথে জড়িত থাকে কোনো দেশের বা স্থানের  অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, ভৌগলিক অবস্থা ও বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক চিহ্ন।পারফরম্যান্স এর নানা রূপান্তর হতে পারে, যাত্রা আছে, প্রপসের ব্যবহার আছে, আছে দীর্ঘ অনুশীলন। সহায়ক হিসেবে থাকে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র। আছে তাল লয় ছন্দ, সঙ্গীত। পারফরম্যান্স এর জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো বিশ্বাস। সেই বিশ্বাস থেকে তৈরি হয় অনেক নিয়ম, আচার। মিশে থাকে পবিত্রতা, শুদ্ধ মন। দীর্ঘ সাধনায় যার কৌশল রপ্ত করতে হয়।

আল মামুনঃ 
পারফরম্যান্স থিওরী
পারফরম্যান্স থিওরী ক্লাসের উপলব্ধিঃ পারফরময়ান্স বা পরিবেশনা আসলে কি? আমি একজন নাটকের শিক্ষার্থী হিসেবে পরিবেশনা আমার কাছে কি? কোন তত্ত্ব বা নাট্যতাত্তিক কতৃক পারফরম্যান্স কি এসবের বাহিরে গিয়ে ব্যাক্তির অভিজ্ঞতার আলোকে পারফরম্যান্স  কি এবং কিভাবে তা গঠিত হয়। প্রথমত আলোচনার মাধ্যমে পারফরম্যান্স শব্দের বাংলা অর্থ প্রস্তাব করা হয়  প্রদর্শন বা পরিবেশনা। এখন আলোচনার বিষয় কিভাবে পারফরম্যান্স হয়ে উঠছে? ব্যাক্তিগত জীবনে আমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, এই যে অভিজ্ঞতাগুলো তৈরি হচ্ছে সেখানে নানা ধরনের ঘটনা ঘটছে  আমরা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন চরিত্র উপস্থাপন করছি এই সকল ঘটনাগুলোই কোন না কোন জায়গা থেকে পারফরম্যান্স হয়ে উঠছে। তবে পরিবেশনা হয়ে ওঠার ক্ষেত্রে কিছু বিষয়ের গুরুত্ব রয়েছে। প্রথমত একটি নির্দিষ্ট স্থান, পরিবেশ বা পরিস্থিতি প্রয়োজন দ্বিতীয়ত যার দ্বারা কিছু ঘটছে অর্থাৎ পারফরমার তৃতীয়ত  কোন সময়ে সেটা ঘটছে। পরবর্তীতে বিভিন্ন বিষয় উঠে এসেছে পারফরম্যান্স সম্পর্কে যা ক্লাসে উপস্থিত থাকা অনেকে তাদের অভিজ্ঞতা আলোকপাত করেছেন, তাদের দৃষ্টিতে বা পর্যবেক্ষণে পারফরম্যান্স কি এবং কখন হয়ে ওঠে এসব নিয়ে।

আমার অভিজ্ঞতাঃ
আমার অভিজ্ঞতায় পারফরম্যান্স হিসেবে আমি আলোচনা করেছি 'সাপ খেলা' নিয়ে। আমি ব্যক্তি জীবনে চলার পথে অসংখ্য বার এই সাপ খেলা দেখেছি। বিভিন্ন রাস্তার ধারে, হাটে, মেলা প্রভৃতি জায়গায় দেখা যায় সাপ খেলা। যেখানে একজন মানুষ বেশ কিছু সাপ নিয়ে খেলা দেখাচ্ছে (কখনো একের অধিক)। তাদের সাথে সহকারী আরো কিছু মানুষ থাকে যারা বিভিন্ন দিক লক্ষ্য রাখেন। শুরুতে তারা একটি জায়গা নির্ধারণ করেন এরপর ছোট মাইকে তারা গান বাজাতে থাকেন কখনো নিজেরাই গান করেন, উদ্দেশ্য সকলের মনোযোগ আকর্ষণ করা। কিছু মানুষ জড়ো হলেই তারা কথা বলতে শুরু করেন, হাসি তামাশা করেন, সাপ বের করে কখনো ভয় দেখানোর চেষ্টা করেন, বিভিন্ন অঙ্গভঙ্গিতে এগিয়ে নিয়ে যান সাপ খেলা। একসময় দেখা যায় অসংখ্য মানুষ জড়ো হয়েছে সাপ খেলা দেখতে কতো রকমের মানুষের সমাহার সেখানে, ছোট, বড়, বুড়ো কখনো মহিলা সকলে খুব মনোযোগ দিয়ে দেখছেন সাপ খেলা। মানুষের সংখ্যা বেশী হওয়ার সাথে সাথে তারা তাদের আসল উদ্দেশ্য তুলে ধরেন, যেখানে দেখা যায় কোন মলম, ব্যাথার ঐষধ বিক্রি করছেন। সাপ খেলা দেখানোর ছলে তারা ঐষধ বিক্রি করছেন। কোন কোন সাপ খেলায় শুধু খেলা দেখিয়ে টাকা তোলা হয় তবে বেশীর ভাগ খেলায় বিভিন্ন ঐষধ বিক্রি করেন। এই পুরো ঘটনাটি আমার দৃষ্টিতে পারফরম্যান্স।  একটি পরিবেশনা গঠিতে হওয়ার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত তার সবকটি এখানে উপস্থিত। যেমনঃ পারফর্মার, প্রকাশ, স্তর, গান, নাচ, অঙ্গভঙ্গি, বাদ্যযন্ত্র, প্রপস, পোশাক, বিষেশ উদ্দেশ্য, বিশ্বাস প্রভৃতি।

একটি পারফরম্যান্স হয়ে ওঠার পেছনে আরো অনেকগুলো বিষয় জড়িত যেমনঃ চিন্তা, পরিস্থিতি, বিষয়বস্তু, ঘটন, পারফরমার প্রস্তুতি, দক্ষতা, শারীরিক কর্মকান্ড, নির্দিষ্ট কর্মকান্ড,কোনো কিছু প্রকাশ করার যোগ্যতা, কৃত্য, রিচ্যুয়াল, সাধনা, এবং প্রার্থনা। পরিবেশনায় রূপান্তর আছে, পরিবর্তন আছে। আদর্শ নীতি, অর্থনীতি, ধর্ম, সামাজিক, রাজনীতি, আর্থ-সামাজিক লক্ষ্য, পরিবেশনায় জাতি, রাজনৈতিক এবং অর্থ -সামাজিক গুরুত্ব। এই সব কিছুর সমন্বয়ে গঠিত হয় পারফরম্যান্স বা পরিবেশনা।