পারফরম্যান্স হচ্ছে একধরনের পরিবেশন, প্রদর্শনও এক প্রকারের উদ্দেশ্য হাসিল। এর জন্য প্রস্তুতি, উৎকর্ষ সাধন ,অভিনয়, নৃত্য, সংগীত, ত্রিমাত্রিক আয়তন, দুই পক্ষ ইত্যাদি বিষয়গুলো প্রয়োজন । এবং সেই সাথে অভিনেতাদের মধ্যে বৈচিত্র ও প্রকাশ-নৈপুণ্য। এর জন্য প্রয়োজন হবে রেওয়াজ, বিষয়বস্তু, চিন্তা এবং লক্ষ্য ও উদ্দেশ্য।
পরিবেশনা রীতি:
পরিবেশনা প্রদর্শনের জন্য গঠন, কাঠামো লাগবে। ধাপে ধাপে পরিবশনা প্রদর্শন করতে হবে।পরিবেশনার জন্য প্রকাশ ভঙ্গিমা লাগবে, ছন্দ-লয়, সংগীত, বাদ্যযন্ত্র, প্রপ্স, পোশাক, আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক, বিভিন্ন আাচার মূলক কৃত্য, অভিনয় ইত্যাদির মধ্যে দিয়ে অভিনেতাদের ট্রান্স চলে যাওয়ার বিষয়গুলো থাকতে হবে এবং অতিমানবীয় ঘটনাও থাকতে পারে। পরিবেশনার সাথে আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্ম, জাতি, গোষ্ঠী, জাত, বর্ণ এই বিষয়গুলো সম্পর্কযুক্ত।
Performance Theory তে অভিনয়ের জন্য অভিনয় পূর্বে প্রস্তুতি মূলক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনেতাদের বিষয়বস্তু, সহশিল্পী এবং দর্শকদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। অভিনেতাদের অভিনয় ছাড়াও প্রকৃতিও পারফরম্যান্স করে। যেমন, ঝড়ের সময় প্রকৃতি যেই তান্ডব দেখায় সেটাও একধরনের পরিবেশনা। পেশা, ধর্ম এসব ক্ষেত্রেও পারফরম্যান্স হয়। তবে এক্ষেত্রে বিভিন্ন এলাকার রীতি -নীতি সম্পর্কে জেনে পরিবেশনাকে সামাজিক, সাংস্কৃতিক ও সাইকোএনালিটিকাল জায়গা থেকে ব্যাখ্যা করতে হবে।

ব্যাক্তিগত অভিজ্ঞতা: আমার অভিজ্ঞতায় দেখেছি, গ্রাম অঞ্চলে বাড়ী-বাড়ী ঘুরে মহিলারা প্লেট, মগ, গ্লাস এসব জিনিস বিক্রি করেন। এই বিক্রয়ের প্রক্রিয়ায় যেমন রয়েছে, পরিবেশনা (পারফরম্যান্স), তেমনি রয়েছে প্রদর্শন (ডিসপ্লে) যা কিনা দর্শকদের (অডিয়েন্স) সামনে অনুষ্ঠিত হয়। লক্ষনীয় যে, বিক্রেতাদের একধরনের প্রস্তুতি মূলত ব্যাস্ততা গ্রহণ করতে হয়। এখানে বিক্রেতারা মানুষদের কিছুটা বোকা বানানোর মধ্য দিয়ে বিক্রির কাজ করতো। যেমন দেখা যেতো ১২ টা প্লেট বা অন্য কিছু একসাথে বিক্রি করার উদ্দেশ্য এমন ভাবে দাম বলতো যে গ্রামের সাধারণ মানুষরা বিশেষ করে মহিলারা এতে করে প্রলুব্ধ হতো। যেমন, ৬ টি প্লেটের দাম ৩৫০ আর বাকি ৬ টির দাম ৩৫০ - মোট ২৫০ টাকা। বিক্রেতারা বাচিকের মাধ্যমে তাদের পুরো প্রক্রিয়া চালিয়ে যেতো। বিক্রেতাদের কথায় প্রলুব্ধ হয়ে বাড়ীর মহিলারা জিনিস গুলো কিনতো। তখন আশেপাশের অনেককে একসাথে করে একটা আসরের মতো করা হতো। বিক্রি করতে আসা মহিলারা মূলত যখন পুরুষরা বাড়িতে না থাকতো ওই সময়টাকে বাছাই করতো। আবার অনেকেই এই বেচা-কেনার হুলুস্থুল, ক্রেতা-বিক্রেতার কথার মারপ্যাঁচ, যা মাঝেমধ্যে পাগলামিতে পরিনত হয়, তা দেখতে আসতো।
আহাদনুর ফকিরঃ
পারফর্মেন্স কি?
কোনো একটা উদ্দেশ্য সঠিক ভাবে নিষ্পত্তি করার জন্য গঠনগত কৌশলই পারফর্মেন্স। মূলত প্রতিটি পারফর্মেন্সের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। আর এই উদ্দেশ্য পৌঁছানোর জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সেটাই পারফর্মেন্স। বিষয়বস্তু, চিন্তা, পরিস্থিতি, বিষয়বস্তু, ঘটন, সংঘটন, স্থান, সময়, নির্দিষ্ট উদ্দেশ্য, ক্রিয়া কর্তাদের প্রস্তুতি, ক্রিয়া কর্তাদের দক্ষতা, শারীরিক কর্মকান্ড, নির্দিষ্ট কর্মকান্ড, অভিনয়, গান, কোনো কিছু প্রকাশ করার যোগ্যতা, কৃত্য, রিচ্যুয়াল, ঢাক- ঢোল। পরিবেশনা একটা সাধনা, বিশ্বাস এবং প্রার্থনা। পরিবেশনায় রূপান্তর আছে, পরিবর্তন আছে। আদর্শ নীতি, অর্থনীতি, ধর্ম, সামাজিক, রাজনীতি, অর্থ - সামাজিক লক্ষ্য থাকতে হবে। পরিবেশনায় জাতি, অর্থনীতি, ধর্ম, সামাজিক, রাজনৈতিক এবং অর্থ - সামাজিক গুরুত্ব আছে। আমার দেখার অভিজ্ঞতায় পারফর্মেন্সঃ গাজীর গান, জারি গান, কবি গান, পালা গান, ধুয়া গান, পুঁথি পাঠ, কিচ্ছা, যাত্রাপালা, লাঠি খেলা, সাপ খেলা, বানর খেলা। এ সমস্ত পারফর্মেন্সের পূর্বে প্রতিটি কলাকুশলীর নির্দিষ্ট কিছু প্রস্তুতি থাকে। কিছু কৃত্য ও আচার থাকে এবং নির্দিষ্ট কিছু লোকের বিশ্বাস ও ধর্ম বিশ্বাস পরিলক্ষিত হয়।
অন্তরা দাসঃ
পরিবেশনার রকমভেদ
পরিবেশনা অনেকরকম হয়। চারদিকে প্রতি মূহুর্তে অনেক ধরনের পরিবেশনা হয়ে যাচ্ছে।কিন্তু শিল্পের ক্ষেত্রে পরিবেশনার কিছু নির্দিষ্ট গুন থাকে। আমারা যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষন করি তখন দেখতে পারব কোনো একটি সৎ উদ্দেশ্যে দীর্ঘ অনুশীলনের পর ধারাবাহিক ছকে কোন একটি বিষয়/ক্রিয়া যখন একটি নির্দিষ্ট স্থানে এক বা একাধিক দর্শকের উদ্দেশ্যে উপস্থাপন করা হয় তখন সেটি উপস্থাপনা বা পরিবেশনা বা performance হয়ে ওঠে। হতে পারে গান, অভিনয়, নাচ, চিত্রকর্ম, স্থাপত্য, যাদুখেলা, ধর্মীয় কৃত্য, খেলা আরও অনেক কিছু। পারফরম্যান্স এর সাথে জড়িত থাকে কোনো দেশের বা স্থানের অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, ভৌগলিক অবস্থা ও বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক চিহ্ন।পারফরম্যান্স এর নানা রূপান্তর হতে পারে, যাত্রা আছে, প্রপসের ব্যবহার আছে, আছে দীর্ঘ অনুশীলন। সহায়ক হিসেবে থাকে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র। আছে তাল লয় ছন্দ, সঙ্গীত। পারফরম্যান্স এর জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো বিশ্বাস। সেই বিশ্বাস থেকে তৈরি হয় অনেক নিয়ম, আচার। মিশে থাকে পবিত্রতা, শুদ্ধ মন। দীর্ঘ সাধনায় যার কৌশল রপ্ত করতে হয়।
আল মামুনঃ
পারফরম্যান্স থিওরী
পারফরম্যান্স থিওরী ক্লাসের উপলব্ধিঃ পারফরময়ান্স বা পরিবেশনা আসলে কি? আমি একজন নাটকের শিক্ষার্থী হিসেবে পরিবেশনা আমার কাছে কি? কোন তত্ত্ব বা নাট্যতাত্তিক কতৃক পারফরম্যান্স কি এসবের বাহিরে গিয়ে ব্যাক্তির অভিজ্ঞতার আলোকে পারফরম্যান্স কি এবং কিভাবে তা গঠিত হয়। প্রথমত আলোচনার মাধ্যমে পারফরম্যান্স শব্দের বাংলা অর্থ প্রস্তাব করা হয় প্রদর্শন বা পরিবেশনা। এখন আলোচনার বিষয় কিভাবে পারফরম্যান্স হয়ে উঠছে? ব্যাক্তিগত জীবনে আমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, এই যে অভিজ্ঞতাগুলো তৈরি হচ্ছে সেখানে নানা ধরনের ঘটনা ঘটছে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন চরিত্র উপস্থাপন করছি এই সকল ঘটনাগুলোই কোন না কোন জায়গা থেকে পারফরম্যান্স হয়ে উঠছে। তবে পরিবেশনা হয়ে ওঠার ক্ষেত্রে কিছু বিষয়ের গুরুত্ব রয়েছে। প্রথমত একটি নির্দিষ্ট স্থান, পরিবেশ বা পরিস্থিতি প্রয়োজন দ্বিতীয়ত যার দ্বারা কিছু ঘটছে অর্থাৎ পারফরমার তৃতীয়ত কোন সময়ে সেটা ঘটছে। পরবর্তীতে বিভিন্ন বিষয় উঠে এসেছে পারফরম্যান্স সম্পর্কে যা ক্লাসে উপস্থিত থাকা অনেকে তাদের অভিজ্ঞতা আলোকপাত করেছেন, তাদের দৃষ্টিতে বা পর্যবেক্ষণে পারফরম্যান্স কি এবং কখন হয়ে ওঠে এসব নিয়ে।
আমার অভিজ্ঞতাঃ
আমার অভিজ্ঞতায় পারফরম্যান্স হিসেবে আমি আলোচনা করেছি 'সাপ খেলা' নিয়ে। আমি ব্যক্তি জীবনে চলার পথে অসংখ্য বার এই সাপ খেলা দেখেছি। বিভিন্ন রাস্তার ধারে, হাটে, মেলা প্রভৃতি জায়গায় দেখা যায় সাপ খেলা। যেখানে একজন মানুষ বেশ কিছু সাপ নিয়ে খেলা দেখাচ্ছে (কখনো একের অধিক)। তাদের সাথে সহকারী আরো কিছু মানুষ থাকে যারা বিভিন্ন দিক লক্ষ্য রাখেন। শুরুতে তারা একটি জায়গা নির্ধারণ করেন এরপর ছোট মাইকে তারা গান বাজাতে থাকেন কখনো নিজেরাই গান করেন, উদ্দেশ্য সকলের মনোযোগ আকর্ষণ করা। কিছু মানুষ জড়ো হলেই তারা কথা বলতে শুরু করেন, হাসি তামাশা করেন, সাপ বের করে কখনো ভয় দেখানোর চেষ্টা করেন, বিভিন্ন অঙ্গভঙ্গিতে এগিয়ে নিয়ে যান সাপ খেলা। একসময় দেখা যায় অসংখ্য মানুষ জড়ো হয়েছে সাপ খেলা দেখতে কতো রকমের মানুষের সমাহার সেখানে, ছোট, বড়, বুড়ো কখনো মহিলা সকলে খুব মনোযোগ দিয়ে দেখছেন সাপ খেলা। মানুষের সংখ্যা বেশী হওয়ার সাথে সাথে তারা তাদের আসল উদ্দেশ্য তুলে ধরেন, যেখানে দেখা যায় কোন মলম, ব্যাথার ঐষধ বিক্রি করছেন। সাপ খেলা দেখানোর ছলে তারা ঐষধ বিক্রি করছেন। কোন কোন সাপ খেলায় শুধু খেলা দেখিয়ে টাকা তোলা হয় তবে বেশীর ভাগ খেলায় বিভিন্ন ঐষধ বিক্রি করেন। এই পুরো ঘটনাটি আমার দৃষ্টিতে পারফরম্যান্স। একটি পরিবেশনা গঠিতে হওয়ার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত তার সবকটি এখানে উপস্থিত। যেমনঃ পারফর্মার, প্রকাশ, স্তর, গান, নাচ, অঙ্গভঙ্গি, বাদ্যযন্ত্র, প্রপস, পোশাক, বিষেশ উদ্দেশ্য, বিশ্বাস প্রভৃতি।
একটি পারফরম্যান্স হয়ে ওঠার পেছনে আরো অনেকগুলো বিষয় জড়িত যেমনঃ চিন্তা, পরিস্থিতি, বিষয়বস্তু, ঘটন, পারফরমার প্রস্তুতি, দক্ষতা, শারীরিক কর্মকান্ড, নির্দিষ্ট কর্মকান্ড,কোনো কিছু প্রকাশ করার যোগ্যতা, কৃত্য, রিচ্যুয়াল, সাধনা, এবং প্রার্থনা। পরিবেশনায় রূপান্তর আছে, পরিবর্তন আছে। আদর্শ নীতি, অর্থনীতি, ধর্ম, সামাজিক, রাজনীতি, আর্থ-সামাজিক লক্ষ্য, পরিবেশনায় জাতি, রাজনৈতিক এবং অর্থ -সামাজিক গুরুত্ব। এই সব কিছুর সমন্বয়ে গঠিত হয় পারফরম্যান্স বা পরিবেশনা।
No comments:
Post a Comment